গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মোসা. রিতা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় টঙ্গীর এরশাদনগর ১ নম্বর বেড়িবাঁধ এলাকায় জোসনার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রিতা এরশাদনগর ১ নম্বর ব্লকের বাসিন্দা।
টঙ্গী পূর্ব থানা–পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রিতার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার হওয়া নারীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।