জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্ত, দোয়া-মোনাজাত ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা অবমুক্ত করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি মরহুমা বেগম খালেদা জিয়া ও তাদের পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ এবং দেশ গঠনে বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে ‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়’ নিয়ে কালাই পৌরসভার পাঁচশিরা থেকে মোলামগাড়ী সড়কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সড়কের পাশে বিভিন্ন বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিছুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।