দেশের উন্নয়নে সাংবাদিকরা সামনে থেকে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। আজ (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা অনেক ত্যাগ, জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন। তাদের পরিশ্রমের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের স্বার্থ নিয়ে কাজ করছেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিকদের ত্যাগের স্মৃতি অনুসরণ করে তিনি তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।
স্হানীয় সাংবাদিকের জীবনের ঝুঁকি বিবেচনায় সাংবাদিক কল্যান ট্রাস্ট গঠনের জন্য ২ লক্ষ টাকা, দূর্ঘটনায় আহত ৩ সাংবাদিককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা প্রদান করেন। এছাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য তিনি প্রেসক্লাব ভবন নির্মাণের ঘোষণা দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মান্নানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।