1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎপাদন বেশি, দাম কম লোকসানে নীলফামারীর আলু চাষিরা পাবনায় দাদি-নাতনি খুন : লোমহর্ষক বর্ণনা দিলেন অভিযুক্ত শরিফুল মব সৃষ্টি করতে গিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫ বরিশাল রুপাতলী রমজানে ফলের বাজারে অস্থিরতা কালাইয়ে অবৈধভাবে পুকুরে মাটি কাটার দায়ে ৭০ হাজার টাকা জরিমানা নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার মূল আসামি গাজীপুরে গ্রেপ্তার কাশিমপুর থানা প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সভাপতি হাসান, সাধারণ সম্পাদক জামাল পাবনায় উঠানে দাদির ও সরিষাক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নীলফামারী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা

উৎপাদন বেশি, দাম কম লোকসানে নীলফামারীর আলু চাষিরা

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার, উন্নত জাতের বীজ ও মাঠপর্যায়ে নিবিড় তদারকিতে চলতি মৌসুমে নীলফামারী জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে সম্ভাবনার সবুজ ছবি থাকলেও বাজারে সেই সাফল্য রূপ নিয়েছে হতাশা আর দীর্ঘশ্বাসে। অস্বাভাবিক দরপতনের কারণে জেলার হাজারো আলু চাষি এখন চরম লোকসানের মুখে

নীলফামারী সদর উপজেলার আলু চাষি আব্দুল আজিজ জানান, এক বিঘা জমিতে তিনি ৪০ থেকে ৪৫ বস্তা (প্রতি বস্তা ৬০ কেজি) আলু উৎপাদন করেছেন। অথচ বর্তমানে বাজারে প্রতি বস্তা আলু বিক্রি হচ্ছে মাত্র ৩০০ থেকে ৩৫০ টাকায়। এতে এক বিঘা জমি থেকে তার আয় দাঁড়াচ্ছে সর্বোচ্চ ১৮ থেকে ১৯ হাজার টাকা, বিপরীতে উৎপাদন খরচ হয়েছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা। অর্থাৎ প্রতি বিঘায় তাকে গুনতে হচ্ছে ২০ হাজার টাকারও বেশি লোকসান।

একই হতাশার কথা জানান ইউপি সদস্য ও আলু চাষি হাবিবুল্লাহ মিয়া। তিনি বলেন,
“ধারদেনা আর নিজের পুঁজি ঢেলে ভালো ফলনের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এখন প্রতি কেজি আলুর দাম নেমে এসেছে ৪ থেকে ৫ টাকায়। এই আলু এখন আমাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।”
তার আশঙ্কা, এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী মৌসুমে অনেক কৃষকই আলু চাষে অনীহা দেখাবেন।

জেলার প্রত্যন্ত এলাকাগুলোতেও চিত্র একই। ডোমার উপজেলার আলু চাষি একরামুল হক বলেন, “এবার আলুর ফলন সত্যিই ভালো হয়েছে। কিন্তু বিক্রি করতে হচ্ছে পানির দরে। প্রতি কেজি আলু উৎপাদনে আমার খরচ পড়েছে কমপক্ষে ১৪–১৫ টাকা, আর বিক্রি করছি ৭–৮ টাকায়। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি দিতে গিয়ে ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছি। এখন সেই দেনা কীভাবে শোধ করব, বুঝতে পারছি না।”

একই রকম অসহায় কণ্ঠ শোনা যায় জলঢাকা উপজেলার আলু চাষি লোকমান হাকিমের কথায়। তিনি বলেন, “আলু চাষই আমাদের পরিবারের একমাত্র ভরসা। কিন্তু এবার যে দাম পাচ্ছি, তাতে উৎপাদনের খরচই উঠছে না। হিমাগারে রাখার মতো সামর্থ্য নেই, তাই বাধ্য হয়ে লোকসানে আলু বিক্রি করছি।”

তিনি আরও যোগ করেন, “সংসার চালানো আর ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। ন্যায্যমূল্য না পেলে আমাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না।”

কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরু থেকেই আলুর বাজারে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটের কারসাজিতেই কৃষক পর্যায়ে দাম কৃত্রিমভাবে নিচে নামিয়ে রাখা হচ্ছে। মাঠে কৃষকের ঘাম ঝরলেও লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক
মো: মনজুর রহমান বলেন, “চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে আলুর ফলন ভালো হয়েছে। এবার জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ৮৫০ হেক্টর, কিন্তু অর্জিত হয়েছে ২২ হাজার ৮১২ হেক্টর— যা গত বছরের তুলনায় ৯৬২ হেক্টর বেশি।”

তিনি জানান, ইতোমধ্যে আগাম জাতের আলু সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২১২ হেক্টর জমি থেকে, যেখানে হেক্টরপ্রতি গড় ফলন হয়েছে ১৫ দশমিক ১২ মেট্রিক টন। “উৎপাদনের দিক থেকে এটি নিঃসন্দেহে একটি সফল মৌসুম,”— বলেন তিনি।

তবে বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা বিপণন দপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা
এ,টি,এম এরশাদ আলম খান জানান, “উৎপাদন বেশি হলে দাম কিছুটা কমে— এটা স্বাভাবিক। কিন্তু কৃষক যেন উৎপাদন খরচের নিচে বিক্রি করতে বাধ্য না হন, সে বিষয়ে আমরা নজর রাখছি। বাজারে সিন্ডিকেট বা অনিয়মের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, আলু সংরক্ষণ ও বাজারজাতকরণে হিমাগার ব্যবস্থাপনা জোরদার করা এবং সরকারি পর্যায়ে আলু ক্রয়ের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সব মিলিয়ে, বাম্পার ফলনের এই মৌসুমে কৃষকের মুখে হাসি ফোটার কথা থাকলেও বাস্তবতা তার বিপরীত। আজ নীলফামারীতে আলু চাষ মানেই লোকসান, দেনার চাপ আর ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা। কৃষকদের একটাই দাবি— উৎপাদনের সাফল্যের পাশাপাশি ন্যায্যমূল্য নিশ্চিত হোক, যাতে মাঠের ঘামে ফলানো ফসল আর লোকসানের বোঝা হয়ে না দাঁড়ায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট