জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ মোঃ রুবেল মিয়া (৩৭) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) আনুমানিক বেলা ২:৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিজিবির “মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” মনোভাবের অংশ হিসেবে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ পাথরেরচর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০৭৬/এমপি থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম চেঙ্গীমারী এলাকায় অভিযান চালায়। এ সময় এলাকাটি থেকে ২৩ বোতল ভারতীয় মদ, ১০ পিস ইয়াবা এবং ১টি মোবাইল ফোনসহ অভিযুক্তকে আটক করা হয়।
আটককৃত মোঃ রুবেল মিয়া কুড়িগ্রাম জেলার রৌমারী থানার নওদাপাড়া গ্রামের অধিবাসী। আটককৃত আসামি, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, বিজিবি মহাপরিচালকের ঘোষিত “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে মাদক ও চোরাচালান বিরোধী এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।