নওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া করমজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসময় ১৩টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ ইছাহক(৬৫)। বাবার নাম মৃত ফইমুদ্দিন। বাড়ি উপজেলার বুধুরিয়া করমজা গ্রামে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায়
গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার এসআই মোঃ সুজন খান, এএসআই মোঃ আব্দুর রাজ্জাক, এএসআই মোঃ সানাউল্লাহ ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া করমজা গ্রামে ইছাহাক মন্ডলের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তাঁর বাড়ির পেছনের আঙিনায় থাকা বিভিন্ন উচ্চতার ১৩টি কাঁচা সবুজ রঙের গাঁজার গাছ জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গাঁজার গাছ রোপণ করে বিক্রির উদ্দেশ্যে চাষাবাদ করছিলেন ইছাহাক।
জব্দ করা ১৩টি গাঁজার গাছের মধ্যে কয়েকটির উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট পর্যন্ত ছিল।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।