কুড়িগ্রামের রৌমারীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ১০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক দুপুর ১২টা ২০ মিনিটে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তাহসিন উদ্দিন মাহমুদের দিক নির্দেশনায় ইজলামারী বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৫/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘মাদারটিলা’ নামক স্থান থেকে এই ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত ভারতীয় ইয়াবা রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করে পরবর্তী সময়ে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের ঘোষিত “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।