জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় স্টল বরাদ্দ পাওয়ার পরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ না করায় সমালোচনার সৃষ্টি হয়েছে। ফাঁকা স্টলের কারণে মেলার পরিবেশও অনেকটা প্রাণহীন হয়ে পড়ে বলে জানান দর্শনার্থীরা।
বুধবার কালাই সরকারি মহিলা কলেজ মাঠে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ইউএনও শামীম আরা। উপজেলার ৪২টি প্রতিষ্ঠানের জন্য ২২টি স্টল বরাদ্দ থাকলেও কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেয়নি।
কিছু প্রতিষ্ঠান উপস্থিত হলেও কোনো প্রকল্প প্রদর্শন করেনি বা একদিন অংশ নিয়ে পরদিন অনুপস্থিত ছিল।এছাড়া দুটি প্রতিষ্ঠানের একই প্রকল্প প্রদর্শন নিয়েও প্রশ্ন উঠেছে, যা স্বতন্ত্র উদ্ভাবনের সুযোগ কমিয়ে দিয়েছে।
শিক্ষকরা বলছেন, এ ধরনের মেলায় অংশ না নিলে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়। অভিভাবকরাও হতাশা প্রকাশ করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাবেদ ইকবাল জানান, অংশগ্রহণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই ভবিষ্যতে সব প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।