দেশের অন্যতম পুরনো গৌরব ও ঐতিহ্যের পাবনা প্রেসক্লাব ৬৫ বছর পার করে ৬৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই দীর্ঘ পথচলার গৌরবোজ্জ্বল অধ্যায়কে স্মরণীয় করতে রাখতে ১ মে থেকে ৩ মে পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে আহবান জানানো হয়। ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল ও দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন।
সাংবাদিক সম্মেলনে সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন, ক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সাধারন সম্পাদক উৎপল মির্জা, সাবেক সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (১ মে) সকাল ১০টায় কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। কর্মসূচির দ্বিতীয় দিন ২ মে শনিবার সকাল ১০টায় পাবনা প্রেসক্লাব চত্বর থেকে বের করা হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ওই দিন বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন। একই দিন সন্ধ্যা পৌনে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাপনী দিন ৩ মে রবিবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সদস্যদের পরিবারের মিলনমেলা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
কর্মসুচির দ্বিতীয় দিন ২ মে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। প্রধান বক্তা থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং অনুষ্ঠান উদ্বোধন করবেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথী থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) মো. সায়েদ বিন আবদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা সাদিয়া সুলতানা লিজা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মুহিন খানসহ বিশিষ্ট শিল্পীবৃন্দ। উল্লেখ্য, ১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়।
একইদিন দু’দিন ব্যাপী সম্মেলনের মাধ্যমে মফস্বল সাংবাদিকদের সেসময়কার একমাত্র দাবি আদায়ের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি গঠন করা হয়। যাত্রার শুরু থেকে পাবনা প্রেসক্লাব শতভাগ পেশাদারিত্ব এবং একটি মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সব মহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই দীর্ঘ সময়ে পাবনা প্রেসক্লাবে মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সদস্যরা যুক্ত হন।