কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুরে সরাসরি মেইল বাস সার্ভিস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে ঢাকাগামী বাস চলাচলও বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
সোমবার (১ জুন) সকাল থেকে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। সকাল থেকে কুড়িগ্রাম বাস মালিক সমিতির কোনো বাস ভূরুঙ্গামারী থেকে ছেড়ে যায়নি। এতে ঢাকাগামী যাত্রীসহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জানুয়ারি ভূরুঙ্গামারী-রংপুর সরাসরি মেইল বাস সার্ভিস পুনরায় চালু করা হয়। তবে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই কুড়িগ্রাম বাস মালিক সমিতি সোমবার (১ জুন) থেকে সার্ভিসটি বন্ধ করে দেয়।
এর আগে গত ৩০ মে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে এবং কুড়িগ্রাম বাস মালিক সমিতির বাস ভূরুঙ্গামারীতে প্রবেশ করতে দেওয়া হবে না।
কিন্তু দাবি উপেক্ষা করে সোমবার থেকে সার্ভিস বন্ধ করে দেওয়া হলে ক্ষুব্ধ জনতা ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েন।
ঢাকার একটি গার্মেন্টস কারখানার কর্মী সাহিদা বেগম জানান, তিনি এসএন পরিবহনের একটি বাসের টিকিট কেটেছিলেন। সকালে কাউন্টারে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ রয়েছে। পরে টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। তিনি বলেন, “এখন কীভাবে ঢাকায় ফিরব বুঝতে পারছি না।”
এসএন পরিবহনের কাউন্টার ম্যানেজার জাকির হোসেন বলেন, “আজ সকালে ঢাকার উদ্দেশে আমাদের কোনো বাস ছেড়ে যায়নি। যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে।”
উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ বলেন, “বিষয়টি সমাধানের জন্য কুড়িগ্রাম মোটর মালিক সমিতির সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে।”
উত্তর ধরলা মোটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহা আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
আন্দোলনের অন্যতম নেতা ও ডাকসুর সাবেক ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, “আমরা ভূরুঙ্গামারীবাসী সরাসরি রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু কুড়িগ্রাম বাস মালিক সমিতি আমাদের অনুরোধ বিবেচনায় নেয়নি। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টির সমাধানে শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের জন্য কুড়িগ্রাম যাচ্ছি।