জয়পুরহাটের কালাইয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও তদন্তে শনাক্ত এক সন্দিগ্ধ আসামিকে চট্টগ্রামের মীরসরাই থেকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। র্যাব-৭, চট্টগ্রামের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায়, পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. কামরুজ্জামান, এসআই (নিঃ) মো. শহিদুল ইসলামসহ কালাই থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
কালাই থানার এফআইআর নং-১৬, তারিখ ২১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ; জিআর নং-১২৩, দণ্ডবিধি ১৮৬০-এর ৩৬৪/৩০২/৩৪ ধারায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি মো. বাবুল (২৮), পিতা—মো. ছামেদ আলী, মাতা—মোছা. নুর নাহার, সাং—শাইলগুন ফকিরপাড়া এবং মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মো. মিজানুর রহমান (২৭), পিতা—মো. আজিজার রহমান ওরফে পোড়া, মাতা—মোছা. সেফালী বেগম, সাং—শাইলগুন উত্তরপাড়া, উভয় থানা—কালাই, জেলা—জয়পুরহাটকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেলে চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মজুমদার হাট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৭, চট্টগ্রামের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (১২ আগস্ট) যথাযথ পুলিশ পাহারায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়েছে। কালাই থানা পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।