কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে।
আটক আজিবর রহমান উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে কয়েকজন ব্যক্তি শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকায় সীমান্ত পিলার ৯৮৮-এর কাছাকাছি দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় তারা বিএসএফ সদস্যদের সামনে পড়ে যান। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও পালানোর সময় আজিবর রহমান বিএসএফের হাতে আটক হন।
ঘটনার পর আটক যুবককে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “বাংলাদেশের একজন নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। তাকে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।