পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদম আলী একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন।আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে।
এ সময় তাঁকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে।
হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।