গাজীপুর মহানগরের কাশিমপুরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মোঃ হাবিবুর রহমান হাবু (২৯) ও তার স্ত্রী জিয়াসমিন আক্তার (২৭)। এ ঘটনায় পলাতক রয়েছেন মোঃ শাওন (৩১)সহ আরও কয়েকজন।
পুলিশ জানায়, গত ২৪ আগস্ট সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাশিমপুরের হাজীপাড়া এলাকায় ভুক্তভোগী নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হাবু, শাওনসহ অজ্ঞাতনামা কয়েকজন মোটরসাইকেলে করে সেখানে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে হাতিমারা এলাকার একটি টিনশেড বাড়ির ফাঁকা কক্ষে আটকে রেখে মারধর করা হয় এবং তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হাবিবুর রহমান হাবু ও তার স্ত্রী জিয়াসমিন আক্তারকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, গ্রেপ্তার দুজনসহ পলাতক আসামিরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত।
গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।