নওগাঁর নিয়ামতপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। গত ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়নে মোট ৩৯ হাজার ৮৬৩টি উপকারভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ করা হয়।
গত ১১ মার্চ নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদে
এই চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
খোঁজ নিয়ে জানা গেছে, আটটি ইউনিয়নে ৩৯ হাজার ৮৬৩টি উপকারভোগী পরিবারের মাঝে ৩৯৮ দশমিক ৬৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এরমধ্যে হাজিনগর ইউনিয়নে ৪ হাজার ৮৫৪, চন্দননগর ইউনিয়নে ৪ হাজার ৪০৩, ভাবিচা ইউনিয়নে ৫ হাজার ১৩, নিয়ামতপুর সদর ইউনিয়নে ৪ হাজার ৩৫৬, রসুলপুর ইউনিয়নে ৬ হাজার ৩১০, পাঁড়ইল ইউনিয়নে ৫ হাজার ৫০, শ্রীমন্তপুর ইউনিয়নে ৪ হাজার ৫৮৭ ও বাহাদুরপুর ইউনিয়নে ৫ হাজার ৩৯০টি উপকারভোগী পরিবার এই সুবিধা পেয়েছে।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও উপকারভোগীদের দ্রুত সহায়তা দিতে উপজেলার ১নং হাজিনগর ইউনিয়ন, ২নং চন্দননগর ইউনিয়ন ও ৫নং রসুলপুর ইউনিয়নে চাল বিতরণ করা হয়।
নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ বলেন, ‘আমরা গত ১১ মার্চ ও ১২ মার্চ দুইদিনে ৪ হাজার ৩৫৬ টি উপকারভোগী পরিবারের মাঝে চাল বিতরণ করেছি। প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় উপস্থিত থেকে চাল বিতরণ করেন।
চন্দননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, ‘কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবছর সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে।চন্দননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিন্টু রহমান জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তাদের ইউনিয়নে ৪ হাজার ৪০৩ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
রসুলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অত্র ইউনিয়নে সরকার কর্তৃক বরাদ্দকৃত ৬ হাজার ৩১০ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের হীরা জানান, কোন ধরনের অনিয়ম ছাড়াই স্বচ্ছতার সাথে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, ‘ভিজিএফের এই চাল মূলত হতদরিদ্র, অসহায়, স্বামী পরিত্যক্তা, বিধবা, বয়স্ক ও স্বল্প আয়ের মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে। তালিকাভুক্ত প্রকৃত উপকারভোগীদের মাঝেই চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।