“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”—এই নীতিকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিসহ ২ পিস ভারতীয় ইয়াবা ও আসামিবিহীন ৯০ বোতল ভারতীয় মদ আটক করেছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২৩ আগস্ট ২০২৬ তারিখ রাত ১২টা ৩৫ মিনিটে দাঁতভাঙ্গা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০৫৪/এমপি থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার কাউনিয়ারচর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ২ পিস ভারতীয় ইয়াবা, ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড ও ১টি মেমোরি কার্ডসহ মোঃ আলম (২৫) নামে এক যুবককে আটক করা হয়।
আটক আলম কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোট ধনতলা গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে। জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালসহ তাকে রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, ২২ আগস্ট রাত ১০টার দিকে ইজলামারী বিওপির একটি দল সীমান্ত পিলার ১০৬৬/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বারবান্ধা এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন ৯০ বোতল ভারতীয় মদ আটক করে। জব্দকৃত মদ রৌমারী থানায় জিডি করে পরবর্তী সময়ে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।