কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব কাউয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ শামছুল হকের অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন শিক্ষকতা জীবনে দায়িত্ব পালন শেষে তাঁর অবসর উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জনাব মোঃ শামছুল হকের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদান ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। একই সঙ্গে অবসরোত্তর জীবনে তাঁর সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও বোয়ালমারী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মতিউর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন, মোঃ তসলিম উদ্দিন, সহকারী শিক্ষক, তেকানী গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ এরশাদুল হক (আর্মি), মোঃ হাসানুজ্জামান, শিক্ষক, ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদ এরশাদুল হক, সমাজসেবক, মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক, তেকানী গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ মিজানুর রহমান, শিক্ষক, রৌমারী কেরামতিয়া মাদরাসা, মোঃ লিটন মিয়া, বিমান বাংলাদেশ হসপিটাল এবং জনাব শাহীন সোহাগ, জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম।
বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনাব মোঃ শামছুল হক তাঁর কর্মজীবনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অবসরজনিত বিদায়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষক জনাব মোঃ শামছুল হকের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর অবসরোত্তর জীবন সুন্দর, আনন্দময় ও কল্যাণময় হোক—এই কামনা করেন।